

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে কৃষক দল থেকে বহিষ্কৃত ফতুল্লা থানা সভাপতি জুয়েল আরমানসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় শাকিল গাজী নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন শিয়াচর তক্কারমাঠ এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন দেলুর স্ত্রী নিলুফা আক্তার মিনু।
মামলার অন্য আসামিরা হলেন কাদের, আহমদ (৫০), জনি (২২), মনির (২৫), নাহিদ (২৪), হৃদয় হোসেন (২৮) ও শাকিল গাজী (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, শিয়াচর তক্কারমাঠ এলাকায় দুই পক্ষের বিরোধের জেরে দেলোয়ার হোসেন দেলুর বাড়িতে একদল ব্যক্তি হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে, ওই বাড়িতে হামলার ঘটনার সঙ্গে আবু ইউসুফ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগও উঠেছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, ১৮ নভেম্বর রাত ৮টার দিকে দেলোয়ার হোসেন দেলুর বাড়িতে হামলা ও ভাঙচুরের সময় আবু ইউসুফ তাঁর মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি হামলাকারীদের নজরে এলে তাঁরা ইউসুফের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ইউসুফ বাধা দিলে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আবু ইউসুফ চাঁদপুরের খিলবাজার থানার বেরকি গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে। পেশায় তিনি গাড়িচালক ছিলেন। প্রায় আট মাস আগে নাহিদা ইয়াসমিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁর স্ত্রী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। স্ত্রীকে নিয়ে ইউসুফ ফতুল্লার শিয়াচর এলাকায় নাজমুল গার্মেন্টসসংলগ্ন শাহিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
এদিকে, ঘটনার পর কেন্দ্রীয় কৃষক দলের পক্ষ থেকে জুয়েল আরমানের ওপর হামলার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারের দাবি করা হয়। পরে একই দিন সন্ধ্যা ৭টার দিকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
অন্যদিকে, নিহত ইউসুফের মরদেহ শিয়াচর এলাকায় আনার পর মাগরিবের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, দেলোয়ার হোসেন দেলুর বাড়িতে হামলার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে জুয়েল আরমানসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেছেন।
তিনি আরও জানান, মামলার এজাহারভুক্ত আসামি শাকিল গাজীকে গ্রেপ্তার করে শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ইউসুফ হত্যার বিষয়ে ওসি বলেন, নিহতের পরিবার গ্রামের বাড়িতে মরদেহ দাফন করেছে। পরিবারের সদস্যরা শনিবার (২১ নভেম্বর) থানায় এসে হত্যা মামলার এজাহার দায়ের করবেন বলে পুলিশকে জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :