বন্দরের পুকুরে উদ্ধার সেই ৮ ফুটের কুমির গাজীপুর সাফারি পার্কে


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ৪:১৩ অপরাহ্ন / ১০০০
বন্দরের পুকুরে উদ্ধার সেই ৮ ফুটের কুমির গাজীপুর সাফারি পার্কে

নারায়ণগঞ্জের বন্দরে একটি পুকুর থেকে উদ্ধার করা ৮ ফুট লম্বা মিঠাপানির কুমিরটি গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে কুমিরটিকে পার্কে নেওয়ার পর কুমির বেষ্টনীর জলাশয়ে ছেড়ে দেওয়া হয়।

 

এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জিরপাড় এলাকার একটি পুকুর থেকে জাল ফেলে কুমিরটি উদ্ধার করে বন বিভাগের বিশেষ দল। গত সোমবার স্থানীয় বাসিন্দারা ওই পুকুরে কুমিরটি দেখতে পান। সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। পরে উপজেলা প্রশাসন ও বন বিভাগ উদ্ধার অভিযান শুরু করে।

 

উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, “আমাদের উদ্ধারকারী দল তৃতীয়বারের চেষ্টায় কুমিরটা ধরতে পেরেছে।” তিনি জানান, সাফারি পার্কে কুমিরটির চিকিৎসা ও পরিচর্যা করা হবে। বিশেষজ্ঞরা উপযুক্ত মনে করলে পরে সেটিকে উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে।

 

ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, উদ্ধার করা কুমিরটি প্রাপ্তবয়স্ক পুরুষ। এর ওজন প্রায় ১০০ কেজি। পুকুরটি শীতলক্ষ্যা নদী থেকে বেশ দূরে। কুমিরটি কোথা থেকে ও কীভাবে সেখানে এসেছে, তা তদন্ত করে দেখা হবে।

 

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তারেক রহমান জানান, কুমির বেষ্টনীতে আগে থেকেই একটি মাদি কুমির ছিল। সেখানে পুরুষ কুমিরটি রাখায় প্রজননের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান তিনি।

 

গত ১৯ সেপ্টেম্বর বন্দরের তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সে সময় বন বিভাগ ও বন্যপ্রাণী উদ্ধারকারী দল অভিযান চালালেও কুমিরটির অবস্থান শনাক্ত করতে পারেনি। পরে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করে উপজেলা প্রশাসন।