পরিবেশের ক্ষতি করায় ৫ প্রতিষ্ঠানকে ১২ লাখ ২৭ হাজার টাকা জরিমানা


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন / ১০০০
পরিবেশের ক্ষতি করায় ৫ প্রতিষ্ঠানকে ১২ লাখ ২৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ১২ লাখ ২৭ হাজার ৬৩০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর।

 

বুধবার (১৮ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ সিদ্ধান্ত নেয়। অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের তথ্য-উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারায় এ ব্যবস্থা নেওয়া হয়।

 

অধিদপ্তরের তালিকা অনুযায়ী, সোনারগাঁয়ের মেঘনাঘাটের নিউটাউন এলাকায় বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ইউনিট–১-কে ৯ লাখ ২১ হাজার টাকা এবং রূপগঞ্জের তারাবোর বরাবো এলাকায় জিয়ুজু ইন্ডাস্ট্রি লিমিটেডের ইউনিট–৩-কে ১ লাখ ৬০ হাজার ৭১০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

 

এ ছাড়া সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ইয়েস্টার এক্সেসরিজ কোং (বিডি) লিমিটেডকে ৯২ হাজার ১২০ টাকা, বন্দরের মদনপুরের কেওঢালা এলাকার রহমান স্পোর্টস ওয়্যার লিমিটেডকে ২৮ হাজার ৮০০ টাকা এবং ফতুল্লার পঞ্চবটির গফুর সুপার মার্কেটের মুন ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।