

অনুমোদন ছাড়া কমিটি ভাঙার অভিযোগ, ফতুল্লা মৎস্যজীবী দলের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে জেলার সম্পাদকের ক্ষোভ
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কর্তৃক অনুমোদন ছাড়া কমিটি ভাঙার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ও নিয়মনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ইমরান।
২০ অক্টোবর ২০২৬ তারিখে ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতির কাছে পাঠানো এক লিখিত পত্রে তিনি উল্লেখ করেন, সংগঠনের নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্ধারণের ক্ষেত্রে জেলা মৎস্যজীবী দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদন প্রয়োজন। কিন্তু তাঁর অভিযোগ, সেই অনুমোদন ছাড়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্ধারন করা হয়েছে। এছাড়াও ফতুল্লা থানার অধীন কুতুবপুর, কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি ভাঙা হয়েছে।
চিঠিতে জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক থানার সভাপতিকে তিন কার্যদিবসের মধ্যে কমিটি ভাঙার সাংগঠনিক কারণ স্পষ্টভাবে লিখিত আকারে জানাতে বলেন। অন্যথায় ফতুল্লা থানা মৎস্যজীবী দলের কমিটি স্থগিত করার কথা উল্লেখ করেন তিনি।
চিঠিতে আরও বলা হয়, সংগঠনের নিয়ম ভঙ্গ করে অনুমোদন ছাড়া কমিটি ভাঙা সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য নয়। এ অবস্থায় ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁদের দায়িত্বে থাকা অবস্থায় কীভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে সংগঠনের ভেতরে জবাবদিহির দাবি তৈরি হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের কাছে সাংগঠনিক সিদ্ধান্তের ব্যাখ্যা এবং কমিটি ভাঙার প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি উঠেছে।
আপনার মতামত লিখুন :