ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারী দেশ ও জাতির শত্রু: মজিবুর রহমান মঞ্জু


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৬:২৬ অপরাহ্ন / ১০০০ Views
ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারী দেশ ও জাতির শত্রু: মজিবুর রহমান মঞ্জু

আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ধর্মকে ব্যবহার করে যারা বিভেদ সৃষ্টি করে, তারা দেশ ও জাতির শত্রু। ধর্ম নিয়ে বাড়াবাড়ি কিংবা উত্তেজনা সৃষ্টির মতো কর্মকাণ্ডে কোনো দায়িত্বশীল ব্যক্তির উৎসাহ দেওয়া উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল, সংবেদনশীল ও সহিষ্ণু আচরণ করতে হবে।

 

 

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে পূজার অনুষ্ঠান মঞ্চে বক্তব্যের সময় এসব কথা বলেন তিনি।

 

মজিবুর রহমান মঞ্জু বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এক শ্রেণির মানুষ হিংসা-বিদ্বেষ ও বিভেদ ছড়ানোর চেষ্টা করে। অথচ কোনো ধর্মই মানুষকে হিংসা, হানাহানি কিংবা অন্যকে হেয় করতে শেখায় না। ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সৎ কর্মের ভিত্তিতে ঐক‍্য ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করার জন‍্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

 

তিনি বলেন, আমরা যে যার ধর্মের অনুসারী হই না কেন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সবার অধিকার সমান ও অভিন্ন। প্রকৃত ধার্মিক ব্যক্তি কখনো হিংসা-হানাহানি কিংবা অন্যকে হেয় প্রতিপন্ন করাকে সমর্থন করতে পারেন না।

 

মজিবুর রহমান মঞ্জু বলেন এবি পার্টির নীতি হলো; ‘ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার’ এই মূল্যবোধ ধারণ করে সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জন‍্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।