ইরানে মার্কিন হামলায় নিহত ১১, দাবি তেহরানের


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৬, ১২:০০ অপরাহ্ন / ১০০০
ইরানে মার্কিন হামলায় নিহত ১১, দাবি তেহরানের

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের তিনটি স্থানে মঙ্গলবার রাতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং আটজন আহত হয়েছেন। প্রদেশটির নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপ-গভর্নরের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

 

এর আগে মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার ঘটনায় চারজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছিল ইরানের রেড ক্রিসেন্ট। নিহতদের মধ্যে একটি শিশুও ছিল।

খুজেস্তানের হতাহতের সংখ্যা এবং সিরিকের চারজন নিহতের হিসাব মিলিয়ে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় মোট ১১ জন নিহতের কথা বলা হচ্ছে।

 

মার্কিন সামরিক বাহিনী অবশ্য জানিয়েছে, তাদের হামলার লক্ষ্য ছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সামরিক সক্ষমতা, যার মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও সামুদ্রিক সামরিক সরঞ্জাম রয়েছে।

 

নতুন করে এই হামলা ও পাল্টা হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও তীব্র হয়েছে এবং আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।