যানজট কমাতে সড়কে আনসার নামিয়েছে সিটি কর্পোরেশন


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৬:২১ অপরাহ্ন / ১০০০
যানজট কমাতে সড়কে আনসার নামিয়েছে সিটি কর্পোরেশন

যানজট কমাতে সড়কে আনসার নামিয়েছে সিটি কর্পোরেশন

 

নারায়ণগঞ্জ শহরে যানজট কমানো এবং যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করতে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আনসার সদস্যদের নিযুক্ত করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। বুধবার (৭ জুলাই) শহরের বঙ্গবন্ধু সড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে আনসার সদস্যদের কাজ করতে দেখা গেছে।

 

সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসার সদস্যদের নিয়োগের সিদ্ধান্ত নেন সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন খান। মঙ্গলবার নগরভবনে শহরের সড়কে শৃঙ্খলা, নিরাপত্তা ও জনসেবার মানোন্নয়নে আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি।

 

সিটি প্রশাসকের নির্দেশনার পর বুধবার সকাল থেকে শহরের মন্ডলপাড়া, সরকারি মহিলা কলেজের মোড়, চাঁদমারী নতুন সড়ক এবং মিশনপাড়া এলাকার মতো গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কাজ করছেন আনসার সদস্যরা।

 

কথা হলে আনসার সদস্যরা জানান, শহরকে যানজটমুক্ত রাখতে তারা সকাল ৬টা থেকে দুপুর ২টা এবং দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দুটি শিফটে সার্বক্ষণিক মাঠে থাকছেন।

 

দায়িত্ব পালনকালে তারা জানান, শহরের তীব্র যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত ৬ সিটের বড় ব্যাটারিচালিত অটোরিকশাগুলোর শহরের মূল পয়েন্টে প্রবেশ তারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন। শহরের সীমানায় আসার আগেই এই বড় গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

 

সরেজমিনে দেখা যায়, আনসার সদস্যরা ছাড়াও সিটি কর্পোরেশনের নিজস্ব যানজট নিরসন কর্মী ও ট্রাফিক পুলিশও কাজ করছে। সড়কে অন্তত এক ঘন্টার পর্যবেক্ষণে নিয়ম অমান্য করে ভুল পথে প্রবেশ করা গাড়ির চালকদের সর্তক করে দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রম চলছে। তবে, কোনো কোনো গাড়ির সিট তুলে রেখে দেওয়া এবং চাকার বাতাস ছেড়ে দেওয়ার মতো ঘটনাও দেখা গেছে।

 

আনসার সদস্যদের এমন নজরদারিতে শহরের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় রিকশাচালকরা। এক রিকশাচালক জানান, “আগের চেয়ে এখনকার পরিবেশ অনেক ভালো হয়েছে। গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েও শান্তি পাচ্ছি। আগে গাড়িগুলো জটলা পাকিয়ে থাকতো, এখন আনসার সদস্যরা গাড়ি দেখলেই সরিয়ে দিচ্ছে এবং বড় অটোরিকশাগুলোকে শহরে ঢুকতে দিচ্ছে না।”