

নাসিকের পরিচ্ছন্নকর্মীরা পাবেন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) পরিচ্ছন্নকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সাবান, গামবুট, মাস্ক, হ্যান্ড গ্লাভস, কর্মপোশাক ও রেইনকোট বিতরণের উদ্যোগ নিয়েছে নগর প্রশাসন। খুব শিগগিরই পরিচ্ছন্নকর্মীদের মাঝে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাসিক কার্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর প্যাকেজিং ও গোছানোর কাজ সম্পন্ন করা হয়। ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ বাস্তবায়নের অংশ হিসেবে পরিচ্ছন্নকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের বিষয়ে নাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হিরণ জানান, প্রশাসকের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে আগামী রোববার বা সোমবারের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান পরিচ্ছন্নকর্মীদের হাতে এসব সামগ্রী তুলে দিতে পারেন বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, বিতরণযোগ্য সামগ্রীর মধ্যে রয়েছে সাবান, গামবুট, মাস্ক, হ্যান্ড গ্লাভস, কর্মপোশাক ও রেইনকোট। বর্ষা মৌসুমে পরিচ্ছন্নকর্মীরা যাতে নিরাপদে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :