বন্দরে শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর আটক, মামলা


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৬:১৭ অপরাহ্ন / ১০০০
বন্দরে শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর আটক, মামলা

বন্দরে শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর আটক, মামলা

 

নারায়ণগঞ্জের বন্দরে সাত বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার বন্দর থানায় মামলা দায়ের করেছেন।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ও অভিযুক্ত একই বাড়ির বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই। ভুক্তভোগী দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং অভিযুক্তের মায়ের কাছে প্রাইভেট পড়ত।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কোরবানির ঈদের আগে গরু দেখানোর কথা বলে অভিযুক্ত শিশুটিকে একটি গোয়ালঘরে নিয়ে বলাৎকার করে। এরপর আরও চার থেকে পাঁচ দিন একই কৌশলে শিশুটিকে ডেকে নিয়ে বলাৎকার করা হয় বলে অভিযোগ রয়েছে।

 

এজাহার সূত্রে আরও জানা যায়, সর্বশেষ গত ২৭ জুন বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটি প্রাইভেট পড়তে গেলে অভিযুক্তের মা বাড়িতে না থাকায় অভিযুক্ত তাকে আবারও গোয়ালঘরে নিয়ে বলাৎকার করে। বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

পরে শিশুটি অসুস্থ বোধ করলে মায়ের কাছে ঘটনাগুলো খুলে বলে। এরপর স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগের সত্যতা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।