২০২৭ থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বই


Saimoon Islam প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন / ১০০০
২০২৭ থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বই

২০২৭ থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বই

 

শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে আরও আনন্দময় এবং তাদের সুপ্ত প্রতিভার স্বতঃস্ফূর্ত বিকাশ নিশ্চিত করতে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন একটি পাঠ্যপুস্তক প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

 

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোক্তার আলীর এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

 

শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে নতুন এই পাঠ্যপুস্তক প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

তিনি বলেন, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বইটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, আত্মপ্রকাশের সক্ষমতা এবং বহুমাত্রিক প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে পাঠদান হবে আরও আনন্দময়, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থী-কেন্দ্রিক।

 

মন্ত্রী আরও বলেন, নতুন এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং শেখার পরিবেশ হবে অধিকতর ইতিবাচক ও কার্যকর।