সোনারগাঁয়ে অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ


Saimoon Islam প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ২:২৬ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সোনারগাঁয়ে অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুমিনুল মিয়া নামের এক অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।

 

বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় সড়ক অবরোধ করা হয়। ফলে চট্টগ্রাম লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মহাসড়ক অবরোধের কারণে ওই রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন৷

 

গত রোববার (১৭ মে) বিকেলে ১০ টাকা চাঁদা না পেয়ে শাহিন মিয়া নামের এক যুবক মুমিনুল মিয়াকে কিল ঘুষি দিয়ে আঘাত করে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে তিনি মারা যান।

 

নিহত মুমিনুল মিয়া সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন মিয়া পলাতক রয়েছেন।

 

জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি বাসট্যান্ড এলাকায় অভিযুক্ত শাহিন মিয়া আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে প্রতিদিন বিভিন্ন অটোরিকশা ও সিএনজি থেকে ১০ টাকা করে চাঁদা উত্তোলন করেন। গত রোববার বিকেলে মুমিনুল মিয়া অটোরিকশা নিয়ে দড়িকান্দি বাসস্ট্যান্ডে যান। পরে শাহিন মিয়া তার কাছে ১০ টাকা চাঁদা দাবি করেন। এ সময় মুমিন মিয়া তাকে টাকা দিয়েছেন বলে জানায়।

 

একপর্যায়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়৷ পরে শাহিন মিয়া অটোরিকশা চালক মুমিনুল মিয়াকে মাথার বিভিন্ন স্থানে কিল ঘুষি দেন। এতে মুমিনুল অসুস্থ হয়ে পড়লে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রাখেন। বুধবার ভোর সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সকাল ১০ টার দিকে এ্যাম্বুলেন্সযোগে লাশ নিয়ে আসলে মহাসড়কে লাশের এ্যাম্বুলেন্স রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী ও স্বজনরা।

 

এদিকে, মুমিনুল মিয়াকে আহত করার ঘটনায় গত সোমবার রাতে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন নিহতের বড় ভাই মোবারক হোসেন। ওই মামলায় শাহিন মিয়াকে আসামি করা হয়।

 

নিহতের স্ত্রী রিনা বেগম বলেন, ‘আমার স্বামী সহজ ও সরল প্রকৃতির মানুষ। তার কাছ থেকে দ্বিতীয় দফায় ১০ টাকা না পেয়ে মারধর করে। এতে মাথায় আঘাত পেয়ে তিনি স্ট্রোক করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ হত্যাকাণ্ডে জড়িতকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

 

দুই ছেলেকে নিয়ে নিয়ে কিভাবে সংসারের বোঝা বইবেন চিন্তায় রয়েছেন বলেও জানান তিনি।

 

সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, ‘চাঁদার দাবিতে মারধর করার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। এটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’