
বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে ছাত্র ফেডারেশনের স্মারকলিপি
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য শর্তহীন হাফ পাস নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (৭ মে) জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা।
স্মারকলিপিতে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে কোনো যৌক্তিক কারণ ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে, যা সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এছাড়া ২০২৪ সালের অক্টোবরে শিক্ষার্থীদের জন্য সপ্তাহে সাতদিন সার্বক্ষণিক হাফ পাস কার্যকরের সিদ্ধান্ত হলেও পরিবহন মালিকরা তা বাস্তবায়ন করছে না বলে অভিযোগ করা হয়।
সংগঠনটির উত্থাপিত দাবির মধ্যে রয়েছে— অবিলম্বে বাড়তি ৫ টাকা ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়া পুনর্বহাল, শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ২৫ টাকা হাফ ভাড়া নির্ধারণ, সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে শর্তহীন হাফ পাস চালু এবং সরকারি সিদ্ধান্ত ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
স্মারকলিপি প্রদানকালে ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ একটি শ্রমজীবী অধ্যুষিত এলাকা। কোনো প্রকার আলোচনা বা বিআরটিএ’র নির্দেশনা ছাড়াই মালিকপক্ষ একতরফাভাবে ভাড়া বৃদ্ধি করেছে। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়া হবে।”
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ আরও বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ছাত্র-জনতাকে সম্পৃক্ত করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :