আড়াইহাজারে ইয়াবাসহ আটক বিএনপি নেতার ছেলেকে ৩ দিনের কারাদণ্ড


Saimoon Islam প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে ইয়াবাসহ আটক বিএনপি নেতার ছেলেকে ৩ দিনের কারাদণ্ড

আড়াইহাজারে ইয়াবাসহ আটক বিএনপি নেতার ছেলেকে ৩ দিনের কারাদণ্ড

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনের দায়ে বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের ছেলে মোবারক করিম স্বাধীনকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (৬ মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান এ দণ্ড দেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে গোপালদী পৌরসভার উলুকান্দি গ্রামের কবরস্থান মোড় এলাকা থেকে তিন পিস ইয়াবাসহ মোবারক করিম স্বাধীনকে আটক করেন স্থানীয়রা। পরে তাঁকে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

ঘটনার পর বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদ–এর সমর্থকেরা তদন্ত কেন্দ্রের সামনে জড়ো হন। একপর্যায়ে আসামিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. আসাদুর রহমান। মাদক সেবনের দায়ে মোবারক করিম স্বাধীনকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।

 

এদিকে ঘটনাস্থলের ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিশনন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম।

 

অভিযোগ অনুযায়ী, গাজী মাসুদের অনুসারীরা তাঁকে পাশ্ববর্তী কড়ইতলা গ্রামে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। তাঁকে উদ্ধার করতে গিয়ে বিএনপি নেতা দাইয়ানও আহত হন।

 

এ ঘটনায় আড়াইহাজার থানায় অভিযোগ করা হয়েছে।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নূরুল ইসলাম অভিযোগ করে বলেন, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে তারা তথ্য সংগ্রহ করছিলেন। সেই সময় ছবি তোলাকে কেন্দ্র করে তার ওপর হামলা চালানো হয়।

 

স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এলাকায় মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন বলে দাবি করেন তিনি।