

বিদেশি হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে ২০২৭ সালের হজ মৌসুমে জন্য নতুন প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই প্যাকেজের আওতায় একটি ইলেকট্রনিক চুক্তির মাধ্যমে হজাযাত্রীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে।
সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, এই প্যাকেজটি ‘ইলেকট্রনিক পাথ’ প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া হবে। ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীদের সৌদি আরবে আগমন থেকে শুরু করে নিজ দেশে ফেরা পর্যন্ত পুরো প্রক্রিয়াকে একটি সুনির্দিষ্ট অনলাইন ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
ঘোষিত এই প্যাকেজে মূলত চারটি প্রধান সেবাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে পবিত্র স্থানগুলোতে (মিনাসহ অন্যান্য স্থান) প্রয়োজনীয় সেবা, মক্কা ও মদিনায় মানসম্মত আবাসন, অভ্যন্তরীণ পরিবহন এবং প্রতিদিনের খাদ্য ও পানীয়। এ ছাড়া হজযাত্রীদের চাহিদা অনুযায়ী ঐচ্ছিক আরও কিছু অতিরিক্ত সেবা নেওয়ার সুযোগ থাকছে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই একক চুক্তিভিত্তিক কাঠামোর ফলে বিভিন্ন দেশের হজ বিষয়ক দপ্তর ও এজেন্সিগুলো তাদের হজযাত্রীদের আর্থিক সামর্থ্য এবং চাহিদা অনুযায়ী নমনীয় ও উপযোগী হজ কর্মসূচি বা প্যাকেজ তৈরি করতে পারবে।
আগামী ২০২৭ সালের হজ মৌসুমের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবেই এই ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছে সৌদি কর্তৃপক্ষ। ইতোমধ্যে আগামী হজ মৌসুমের আগাম প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে দেশটি। এর অংশ হিসেবে বিশ্বের ৭৫টিরও বেশি দেশের হজ প্রতিনিধি ও দপ্তরগুলোর সঙ্গে তাদের পরিচালন পরিকল্পনা, নতুন বিধিবিধান এবং যাবতীয় প্রয়োজনীয় বিষয় পর্যালোচনার জন্য ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :