

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগেজ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
বিমানবন্দরের গ্রীণ চ্যানেল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব বিদেশি মদ জব্দ করে শুল্ক গোয়েন্দারা।
সিআইআইডি জানায়, দুবাই থেকে এমিরেটসের EK0584 ফ্লাইটে আসা যাত্রী Roman Mikhailov গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ স্ক্যান করা হয়। পরে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৭৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ পাওয়া যায়।
যাত্রীটি বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ রুলস অনুযায়ী এক লিটার মদ শুল্কমুক্তভাবে আনার সুযোগ রয়েছে। সে হিসেবে অবশিষ্ট ৭৭ দশমিক ৫০ লিটার মদ আটক করা হয়।
অন্যদিকে দিবাগত রাতে Turkish Airlines-এর TK0712 ফ্লাইটে আসা Samiul Islam নামের এক যাত্রীর ব্যাগেজ স্ক্যান করে আরও চার লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাঁর কাছ থেকেও মদগুলো আটক করা হয়।
সিআইআইডি জানায়, দুই ঘটনায় অনুমোদিত এক লিটার বাদ দিয়ে মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
বিমানবন্দরের গ্রিন চ্যানেলসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নজরদারির মাধ্যমে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আপনার মতামত লিখুন :