ভারতের সার্বভৌমত্ব-অখণ্ডতা অনেকাংশে বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ২:৫৮ অপরাহ্ন / ১০০০
ভারতের সার্বভৌমত্ব-অখণ্ডতা অনেকাংশে বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকিসংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাও বাংলাদেশের ওপর অনেকাংশে নির্ভরশীল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব দাবি জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী বাংলাদেশ দখলের হুমকি দিয়ে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত করেছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভূমিকে নিয়ে এমন মন্তব্য এ দেশের ১৮ কোটি মানুষের আত্মমর্যাদার প্রতি চরম ধৃষ্টতার শামিল।’

নাহিদ বলেন, ‘আমরা তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি, অর্জুন সিংকে অনতিবিলম্বে এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘দায়িত্বশীল পদে থেকে এমন অবমাননাকর বক্তব্য প্রদানের ৪৮ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও ভারত সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দিল্লির এই নীরবতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারত সরকারের শ্রদ্ধাবোধ নিয়ে আমাদের সন্দেহ আরও জোরালো করেছে।’