

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদারের দায়িত্ব পেয়েছেন বিএনপির পাঁচ নেতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত বিশেষ টিমের সদস্য হিসেবে তারা কাজ করছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিশেষ এই টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।
টিমের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
জানা গেছে, সম্ভাব্য নাশকতা মোকাবিলার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার মধ্যে তৃণমূলের সাংগঠনিক নিয়ন্ত্রণ ও দলীয় শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচ সদস্যের এই টিমকে। বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার বিষয়ে গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাংগঠনিক বিভাগের নেতাদের পাশাপাশি সংসদ সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিশেষ টিমের দায়িত্বে থাকা এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক দুর্বলতা ও স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করাই টিমের অন্যতম কাজ। পাশাপাশি কেন্দ্রের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের যোগাযোগ বাড়ানো হবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার দায়িত্বও পালন করবে টিমটি।
আপনার মতামত লিখুন :