বিনা খরচে প্রথম ধাপে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ কর্মী


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ৩:০৪ অপরাহ্ন / ১০০০ Views
বিনা খরচে প্রথম ধাপে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ কর্মী

সরকারের ঘোষিত শূন্য খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর কর্মসূচির ধারাবাহিকতায় প্রথম ধাপে দেশটিতে পৌঁছেছেন ১০৩ জন বাংলাদেশি।

শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৪টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। কর্মীদের অভ্যর্থনা জানাতে মধ্যরাত থেকেই বিমানবন্দরে অপেক্ষা করছিলেন তিনি।

মালয়েশিয়ায় বিনা খরচে আসতে পেরে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কর্মীরা। তাদের আগমনকে সরকারের শ্রমবাজার সম্প্রসারণ ও অভিবাসন ব্যয় কমানোর উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএলের প্রতিনিধিরা জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর কর্মীদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।

প্রথম ধাপে আসা ১০৩ জন কর্মীকে দুই ভাগে বিভক্ত করে মালয়েশিয়ার পেনাং এবং সেলানগর রাজ্যের শাহ আলমে নিয়ে যাওয়া হবে।