দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব, বিবেচনার আশ্বাস বিমানমন্ত্রীর


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ১:২৩ অপরাহ্ন / ১০০০ Views
দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব, বিবেচনার আশ্বাস বিমানমন্ত্রীর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলাল। বৈঠকে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুসহ দুই দেশের পর্যটন খাত ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনার শুরুতেই দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। জবাবে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদল দেশটির সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পরিচালনার প্রস্তাব দেয়।

এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। তাদের যাতায়াত সহজ করতে জোহানেসবার্গ ও কেপটাউনের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে এসব রুটে ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।’

বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বমানের। দুই দেশের যৌথ উদ্যোগে পর্যটক আদান-প্রদান এবং সাংস্কৃতিক বিনিময় বাড়াতে কাজ করা জরুরি।’

বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পর্যটন খাতের টেকসই উন্নয়নে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেন হাইকমিশনার অনিল সুকলাল।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হওয়া এ বৈঠকে উভয় পক্ষই আশা প্রকাশ করে, পর্যটন ও আকাশপথে যোগাযোগের গতি বাড়লে আগামী দিনে ঢাকা-প্রিটোরিয়া দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাবে।

সাক্ষাতে পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী (এনডিসি)-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দক্ষিণ আফ্রিকা হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।