অসুস্থ মেয়েকে নিয়ে বেরিয়ে যান মা, ১০ ঘণ্টা পর দুজনের মরদেহ উদ্ধার


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ১:৩৬ অপরাহ্ন / ১০০০ Views
অসুস্থ মেয়েকে নিয়ে বেরিয়ে যান মা, ১০ ঘণ্টা পর দুজনের মরদেহ উদ্ধার

সিলেটে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও ১১ মাস বয়সি মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার ২৯নং ওয়ার্ডের চণ্ডীপুল এলাকার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) এবং তার ১১ মাস বয়সি মেয়ে জয়স্মিতা বিশ্বাস।

 

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে অসুস্থ মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি। এরপর থেকেই মা ও মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

নিহতের স্বামী জীবনানন্দ বিশ্বাস জানান, তার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন এবং তার চিকিৎসা চলছিল। তাদের ১১ মাস বয়সি মেয়ে জয়স্মিতা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। মেয়ের চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে করতে মঞ্জুশ্রী মানসিকভাবে ভেঙে পড়েন। পরবর্তীতে রাতে মরদেহ উদ্ধারের খবর পান তিনি।

সিলেট কোতোয়ালি থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাছিমপুর এলাকার সুরমা নদী থেকে নিখোঁজ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।