রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৭, অস্ত্র-বোমা ও মাদক উদ্ধার


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ১:৩৮ অপরাহ্ন / ১০০০ Views
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৭, অস্ত্র-বোমা ও মাদক উদ্ধার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিদেশি পিস্তল, গুলি, ধারালো অস্ত্র, অবিস্ফোরিত হাতবোমা, ককটেল, পেট্রল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অপরাধে জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৭ জন, তেজগাঁও বিভাগে ১০০ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গুলশান বিভাগে ৪১ জন এবং রমনা বিভাগে ৩০ জন রয়েছেন।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা, বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ, এক লিটার পেট্রল, ৫২২টি ইয়াবা বড়ি, আট বোতল বিদেশি মদ, নগদ এক হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।