ফতুল্লায় প্রকাশ্যে শামীম ওসমান ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা রাজ্জাক, আতঙ্কে এলাকাবাসী


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৬, ৪:২৮ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় প্রকাশ্যে শামীম ওসমান ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা রাজ্জাক, আতঙ্কে এলাকাবাসী

ফতুল্লায় প্রকাশ্যে শামীম ওসমান ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা রাজ্জাক, আতঙ্কে এলাকাবাসী

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং ফতুল্লার রামারবাগ এলাকার আওয়ামী লীগ নেতা রাজ্জাককে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, ফতুল্লার রামারবাগ, লামাপাড়া, স্টেডিয়াম এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে চলাফেরা করেছেন রাজ্জাক। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম ও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। এমনকি স্থানীয় একটি মসজিদ নিয়েও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে দাবি এলাকাবাসীর।

 

তথ্য অনুযায়ী, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী আত্মগোপনে গেলেও রাজ্জাক এলাকায় থেকে যান। বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলার আসামি হওয়ার পরও তাকে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

 

এলাকাবাসীর আরও দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পরও রাজ্জাক গোপনে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এতে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে।

 

স্থানীয় বাসিন্দারা বলছেন, রাজনৈতিক পরিচয় ও প্রভাবের কারণে অতীতে যারা এলাকায় দাপট দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া হলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।

 

রাজ্জাকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।