

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা কয়েক দিনের অভিযানে স্বর্ণসদৃশ পেস্ট, সিগারেট, ভ্যাপ ও ভ্যাপ লিকুইড, মোবাইল ফোন, নিষিদ্ধ ক্রিম, মিল্ক পাউডার, বিদেশি ওষুধ ও মদসহ প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।সিআইআইডির তথ্য অনুযায়ী, ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত বিমানবন্দরের এ, বি ও সি-শিফটে পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও শিফটভিত্তিক নজরদারির মাধ্যমে চোরাচালান ও অবৈধ আমদানির একাধিক প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে।
সর্বশেষ ২১ আগস্ট মহাপরিচালকের কাছ থেকে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের এফজেড৫০১ ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল মোবাইল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট, হোয়াইটেনিং সিরাম ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
একই দিনে ইকে৫৮২ ও কিউআর৬৪০ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট আটক করা হয়। এসব অভিযানে আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।
এর আগে ২০ আগস্ট এ-শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা EK582, BS342 ও GF250 ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ৬৯ কেজি বা ১ হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রিম, ২৯ দশমিক ৪ কেজি ন্যান প্রো নিউট্রিশন মিল্ক পাউডার এবং ১১৬ পিস বা ৪ দশমিক ৪৬ কেজি ক্রিমজাতীয় ওষুধ আটক করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।
একই দিনে বি-শিফটের পৃথক অভিযানে BS346, BS316 ও EK586 ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮টি ভ্যাপ, ১০টি রেডমি নোট ১৫ মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরী ক্রিম ও চার লিটার বিদেশি মদসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা।
১৮ আগস্ট কলম্বো থেকে ঢাকাগামী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ইউএল১৮৯ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন মডেলের আইফোন ও রেডমি ফোন, আইফোনের এসকেডি ফ্রন্ট ও ব্যাক পার্টস এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশি ওষুধ আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।
এদিকে ১৭ আগস্ট দুবাই থেকে আসা এমিরেটসের ইকে৫৮৪ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করে সিআইআইডির বি-শিফট। পরে স্বর্ণকারের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করে ওই পেস্ট থেকে ৪৬১ গ্রাম ওজনের স্বর্ণের পিণ্ড পাওয়া যায়। একই অভিযানে আট কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১৪ কার্টন মন্ড সিগারেটও আটক করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।
সিআইআইডির হিসাব অনুযায়ী, ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত এসব অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মোট মূল্য দাঁড়ায় ২ কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৬৪০ টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, চোরাচালানকারীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করে বিমানবন্দর দিয়ে অবৈধভাবে পণ্য আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কারণে গোপন তথ্য বিশ্লেষণ, যাত্রী প্রোফাইলিং এবং শিফটভিত্তিক নিবিড় নজরদারি জোরদার করা হয়েছে। শাহজালাল বিমানবন্দরে চোরাচালান ও অবৈধ আমদানি ঠেকাতে সিআইআইডির এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :