

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৭০ জন।
কলম্বিয়ার অ্যাসোসিয়েশন অব ক্যাপিটাল সিটিজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছেন জরুরি বিভাগের কর্মীরা। ভূমিকম্পে কালি শহরের একটি হাসপাতালের শিশু ও নবজাতক বিভাগসহ বেশ কয়েকটি স্থাপনা ধসে পড়েছে।
পরিস্থিতি মোকাবিলায় সরকার জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পশ্চিম কলম্বিয়ার অনুন্নত এলাকা সান হোসে দেল পালমার। রাজধানী বোগোতা থেকে এলাকাটি প্রায় ১৫০ মাইল পশ্চিমে অবস্থিত।
রাজধানী বোগোতাতেও ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়েছে। এ সময় বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত মানুষ নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
আপনার মতামত লিখুন :