শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও পরিবারের বাবা মাকে সেবা করবে : টিপু


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৬, ৭:০৭ অপরাহ্ন / ১০০০
শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও পরিবারের বাবা মাকে সেবা করবে : টিপু

শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও পরিবারের বাবা মাকে সেবা করবে : টিপু

 

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, তোমরা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রাখবে। তেমনি ভাবে পরিবারের বাবা মাকে সেবা করবে। বাবা মাকে যারা সেবা না করে শ্রদ্ধা না করে, শিক্ষকদের যারা শ্রদ্ধা না করে তারা সমাজে ভাল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে না। একজন ভাল ছাত্রই পারে একটি ভাল সমাজ, ভাল পরিবার, ভাল রাষ্ট্র উপহার দিতে।

 

মঙ্গলবার (১১ জুলাই) নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুলের নবীন বরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

 

তিনি বলেন, তোমাদের এই নারায়ণগঞ্জকে আধুনিক, গ্রীন ও ক্লিন নারায়ণগঞ্জ গড়তে তোমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তোমাদের খেয়াল রাখতে হবে বাড়ির পাশে কেউ মাদক বিক্রি করে কীনা, কেউ সন্ত্রাসী কার্যক্রম করে কীনা। তোমরা যদি মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করতে না পারো তাহলে তাদের নাম ঠিকানা প্রশাসনের কাছে দেবে।

 

তিনি আরও বলেন, আজ আমাদের সন্তানেরা ভাইয়েরা মাদকাসক্ত হয়ে পড়েছে। তোমাদের মাদক, সন্ত্রাসকে না বলতে হবে। তোমরা যখন ছাত্র রাজনীতিতে আসবে তখন আমাদের মত বক্তব্য দিতে না পারলে তোমাদেরই খারাপ লাগবে।

 

তিনি বলেন, এই নারায়ণগঞ্জকে ১৬ বছর এক গডফাদার পরিবার জিম্মি করে রেখেছিল। তারা নারায়ণগঞ্জকে সন্ত্রাসের নগরীতে পরিনত করেছিল। তারা ব্যবসায়ীদের হুমকি দিয়ে চাঁদাবাজি করতো। ২০২৪ সালের জুলাই জুলাই গণঅভ্যুত্থানের পরে তারা পালিয়ে গিয়েছে। আমরা চাই না নারায়ণগঞ্জে আর কোন গডফাদারের জন্ম হোক।

 

তিনি আরও বলেন, তোমাদের স্কুলের শিক্ষকেরা তোমাদের যেভাবে শিক্ষা দেয় তোমরা সেভাবে শিক্ষা গ্রহণ করবে। আমি এই অনুষ্ঠানে আসতে পেরে আবেগাপ্লুত। তোমরা একজন যোগ্য সভাপতি পেয়েছো।