
*জোট থেকে মনির কাসেমীকে মনোনয়ন দিলে বিএনপিকে টিকিয়ে রাখতে গিয়াসউদ্দিনকে স্বতন্ত্রে নির্বাচন করার চাপ তার অনুসারীদের
নারায়ণগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন নারায়ণগঞ্জ-০৪। এ আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। তবে জোরালো গুঞ্জন রয়েছে এ আসলে বিএনপি তাদের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমীকে মনোনয়ন দিতে যাচ্ছেন।শেষতক যদি তাই হয় তবে অতি গুরুত্বপূর্ণ এ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ গিয়াসউদ্দিন কে স্বতন্ত্রে নির্বাচন করার দাবি তৃণমূল বিএনপি নেতাকর্মীদের।ইতিমধ্যে ফতুল্লা থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কয়েক দফা গোপন বৈঠক করেছেন। সে বৈঠকগুলোর সিদ্ধান্ত মোতাবেক ধানের শীষ প্রতীকে এ আসনে মনোনয়ন না পেলে গিয়াসউদ্দিনকে স্বতন্ত্রে নির্বাচন করার চাপ প্রয়োগ করছেন তারা।নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত থাকা এক বিএনপি নেতা জানান, দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে দলের ক্রান্তিলগ্নে দলকে নেতৃত্ব দিয়েছেন গিয়াসউদ্দিন।তার সফল নেতৃত্বে নারায়ণগঞ্জে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিল বিএনপি।তাছাড়া তার মেধা, রাজনৈতিক অভিজ্ঞতা, যোগ্যতা ও নেতৃত্বগুণ তাকে বিকল্পহীন করে তুলেছে।এ আসনের মত গুরুত্বপূর্ণ আসন যদি বিএনপি তাদের নিয়ন্ত্রণে নিতে চায় তবে গিয়াসউদ্দিনের বিকল্প নেই।বিএনপি যদি এই আসনে মনির কাসেমিকে খেজুর গাছ প্রতীকে সমর্থন দেয় তবে নিশ্চিতভাবে এই আসন হারাতে হবে।
আর এই আসনে বিএনপি যদি তাদের কর্তৃত্ব হারায় তবে এর প্রভাব গোটা নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে পড়বে বলে নিশ্চিতভাবে বলা যায়।
শুধু তাই নয়, বিগত দেড় দশক যে নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করেছে, বহুৎ ত্যাগ স্বীকার করেছে তাদের সেই ত্যাগ বিফলে যাবে।যার নেতিবাচক প্রভাব পড়বে বিএনপিতে।
বিএনপি’র নেতাকর্মীদের মতে, এ আসনে একমাত্র যোগ্য প্রার্থী গিয়াসউদ্দিন। জোটগত কারণে বিএনপি যদি তাকে মনোনয়ন দিতে ব্যর্থ হয় তবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। আর বিএনপিকে এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য গিয়াস উদ্দিনের উচিত তাকে স্বতন্ত্র নির্বাচন করা। কারণ মনির কাসেমীর বিপরীতে গিয়াস উদ্দিন স্বতন্ত্র থেকে নির্বাচন করলে গিয়াসউদ্দিন বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে। ফলে এ আসনটি বিএনপি’র হাতছাড়া হবে না। এ আসনটি বিএনপির ঘাটি হিসেবে পরিচিত ছিল এবং গিয়াসউদ্দিন যদি স্বতন্ত্র থেকে নির্বাচন করে জয়ী হয় তখনও থাকবে।
এসব দিক বিবেচনা করে বিএনপি থেকে মনোনয়ন না পেলে নারায়ণগঞ্জ-০৪ আসনে বিএনপিকে টিকিয়ে রাখতে গিয়াসউদ্দিনকে স্বতন্ত্র থেকে নির্বাচন করার চাপ দিচ্ছেন তার অনুসারীরা।
তবে এই বিষয়ে গিয়াসউদ্দিন কোন মন্তব্য করেননি এবং কোন সিদ্ধান্ত এখনো নেননি এমনটাই নিশ্চিত করেছে সূত্র। এবার দেখার বিষয় বিএনপি এ আসনে কাকে মনোনয়ন দেয় এবং তখন গিয়াসউদ্দিনের পরিকল্পনায় কি থাকে।
আপনার মতামত লিখুন :