গণশুনানির মতামত গুরুত্ব দিয়ে তদন্ত-যাচাই শেষে সিদ্ধান্ত: ডিসি


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৬:০৬ অপরাহ্ন / ১০০০
গণশুনানির মতামত গুরুত্ব দিয়ে তদন্ত-যাচাই শেষে সিদ্ধান্ত: ডিসি

ফতুল্লা থানার চারটি ইউনিয়ন ও সদর থানার একটি ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার দাবিতে অনুষ্ঠিত গণশুনানিতে অংশ নেওয়া ব্যক্তিদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় তদন্ত, সরেজমিন পরিদর্শন ও যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

 

সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে তিনি এ কথা বলেন।

 

জেলা প্রশাসক বলেন, “আমরা ১০ থেকে ১২ জনের বক্তব্য শুনেছি। এছাড়া আরও কিছু মতামত পেয়েছি। বক্তব্য থেকে যতটুকু বুঝেছি, আপনারা চান ফতুল্লা থানার চারটি ইউনিয়ন এবং সদর থানার একটি ইউনিয়নসহ মোট পাঁচটি ইউনিয়নের সম্পূর্ণ এলাকা সিটি করপোরেশনের আওতায় আসুক। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তদন্ত, সরেজমিন পরিদর্শন ও যাচাই-বাছাইয়ের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আমাদের লক্ষ্য থাকবে আইনসম্মতভাবে জনগণের চাহিদার প্রতিফলন নিশ্চিত করা।”

 

তিনি বলেন, জনকল্যাণের বিষয় বিবেচনায় সব দিক ভেবে সিদ্ধান্ত নিতে হয়। হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনে না। তাই সরকার বিভিন্ন বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করে।

 

আমলাতান্ত্রিক জটিলতার প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “এটি আমাদের দায়িত্বের কাজ। আজ করি, কাল করি কিংবা পরে করি—কাজটি আমাদেরই করতে হবে। ইচ্ছাকৃতভাবে কোনো জেলা প্রশাসক কাজ ফেলে রাখেন, এমন মনে করার কারণ নেই। আমরা জনগণের জন্য কাজ করি। তবে প্রশাসন হিসেবে আমাদের সব পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নিতে হয়।”

 

তিনি আরও বলেন, শতভাগ মানুষের স্বার্থ জড়িত এমন বিষয়ে অনেক চিন্তাভাবনা, পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু মানচিত্র দেখে কোনো এলাকা সিটি করপোরেশনের আওতায় আনা সম্ভব নয় বলেই গণশুনানিসহ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মতামত নেওয়া হচ্ছে।

 

সরকারি প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, “যে দাবিগুলো যৌক্তিক, সেগুলোর দ্রুত নিষ্পত্তি এবং যে সিদ্ধান্তই নেওয়া হোক, তা দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে।”

 

গণশুনানিতে স্থানীয় সরকারের উপপরিচালক নিলুফা ইয়াসমিন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম বিশ্বাস, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।