ফতুল্লায় বুড়িগঙ্গায় নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ মিলল মুন্সিগঞ্জের ধলেশ্বরীতে


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৬:২২ অপরাহ্ন / ১০০০ Views
ফতুল্লায় বুড়িগঙ্গায় নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ মিলল মুন্সিগঞ্জের ধলেশ্বরীতে

ফতুল্লায় বুড়িগঙ্গায় নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ মিলল মুন্সিগঞ্জের ধলেশ্বরীতে

 

নারায়ণগঞ্জে ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর ফাতেমা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মরদেহ মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।

 

ফাতেমা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা শাহীন মিয়া ও মা নাজমা বেগম।

 

পুলিশ জানায়, ১৫ অক্টোবর স্কুল ছুটির পর দুই বান্ধবীর সঙ্গে পাশের বুড়িগঙ্গা নদীতে গোসল করতে যায় ফাতেমা। একপর্যায়ে তার দুই বান্ধবী নদী থেকে উঠে এলেও ফাতেমা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেও সন্ধান পাননি।

 

এ ঘটনায় ফাতেমার নানী হাসেন বানু ফতুল্লা থানায় নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের তিন দিন পর ঘটনাস্থল থেকে প্রায় ১৫ থেকে ১৭ কিলোমিটার দূরে ধলেশ্বরী নদীতে মরদেহটি পাওয়া যায়।

 

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য ও অন্যান্য সূত্রের মাধ্যমে পরিবারের সদস্যরা মরদেহটি ফাতেমার বলে শনাক্ত করেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

 

ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।