আধুনিক বাংলাদেশ গড়তে শিক্ষকদের অবদান রাখতে হবে: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ৭:২১ অপরাহ্ন / ১০০০
আধুনিক বাংলাদেশ গড়তে শিক্ষকদের অবদান রাখতে হবে: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেছেন, শিক্ষকদের মাধ্যমে দেশে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। গত ১৫ বছরে শিক্ষা ক্ষেত্রে যে অব্যবস্থাপনা ও দুরবস্থা তৈরি হয়েছে, তা কাটিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

 

সোমবার (৫ অক্টোবর) শিক্ষক দিবস উপলক্ষে হলি উলস স্কুলের উদ্যোগে আয়োজিত শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সাখাওয়াত হোসেন খান বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তৃণমূল পর্যায় থেকে মানুষের মধ্যে শিক্ষা ছড়িয়ে দিতে স্কুলশিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের পুনর্গঠন, অগ্রগতি ও আধুনিক বাংলাদেশ গড়তে শিক্ষকদের অবদান রাখতে হবে।

 

তিনি বলেন, শিক্ষক সমাজ আমাদের সমাজের অত্যন্ত গুণীজন। তাদের প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস ও শ্রদ্ধা রয়েছে, তা মাথায় রেখে প্রত্যেক শিক্ষককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমরা মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে চাই। শিক্ষকদের মাধ্যমে একটি মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।

 

নগরভবনে প্রশাসকের কক্ষে ৫ শিক্ষকের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। প্রশাসক সাখাওয়াত হোসেনের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন শিক্ষকরা।

 

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া শিক্ষকদের কাজের স্বীকৃতি হিসেবে এ ধরনের আয়োজনকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, সমাজের বিভিন্ন স্তর থেকে শিক্ষকদের স্বীকৃতি দেওয়া হলে তারা আরও উৎসাহিত হবেন। এতে শিক্ষার্থীদের শিক্ষাদানে শিক্ষকরা আরও মনোযোগী হবেন এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে ভূমিকা রাখবেন।

 

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া পাঁচ শিক্ষক হলেন আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান গাজী, ক্যামব্রিয়ান স্কুলের প্রাথমিক শাখার প্রধান মো. ইউনুস আলী, আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা আক্তার, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুল হক এবং শেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুন নাহার।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী ও গোদনাইলের ক্রীড়া সংগঠক অখিল ভূঁইয়া এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের প্রশাসক সহায়ক সাগর প্রধান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সভাপতি ও এনায়েতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার মাহমুদ।