

নারায়নগঞ্জের সাত থানায় বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৯২
মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সাত থানায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ীসহ ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৮৭ জন মাদকসেবী এবং পাঁচজনকে মাদক ব্যবসায়ী বা মাদক কারবারি হিসেবে শনাক্ত করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার সদর, ফতুল্লা, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার ও রূপগঞ্জ থানা এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ফতুল্লা মডেল থানার বালুর মাঠ এলাকার মাদক ব্যবসায়ী সোহেল এবং ইসদাইর এলাকার মাদক ব্যবসায়ী বা ডিলার সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দর থানা এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি হিসেবে চিহ্নিত জুয়েল, শুক্কুর আলী ও সেতারা বেগমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পাঁচ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। পাশাপাশি তাদের অবৈধ সম্পদ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত করে ২০১২ সালের মানি লন্ডারিং আইনে মামলা করার জন্য ঢাকার সিআইডিতে প্রতিবেদন পাঠানো হবে।
সাত থানার মধ্যে সবচেয়ে বেশি মাদকসেবী গ্রেপ্তার করা হয়েছে ফতুল্লা মডেল থানায়। সেখানে দুই মাদক ব্যবসায়ীর পাশাপাশি ৩৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ এ থানায় মোট ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর মডেল থানা পুলিশের অভিযানে ১৩ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানা এলাকায় তিন মাদক কারবারিসহ নয়জন মাদকসেবী গ্রেপ্তার হয়েছেন।
এ ছাড়া সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযানে ১৭ জন মাদকসেবী, সোনারগাঁও থানায় দুইজন, আড়াইহাজার থানায় চারজন এবং রূপগঞ্জ থানায় ছয়জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
সব মিলিয়ে বুধবার পরিচালিত অভিযানে সাত থানায় পাঁচজন মাদক ব্যবসায়ী ও ৮৭ জন মাদকসেবীসহ মোট ৯২ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকসেবীদের বিরুদ্ধেও নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক ব্যবসার মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ ও সম্পদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগও থাকবে।
আপনার মতামত লিখুন :