

মাগুরার মহম্মদপুর উপজেরায় সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠ থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই ওই ব্যক্তি বৈদ্যুতিক খুঁটিতে উঠেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহের পাশ থেকে ট্রান্সফরমার খোলার যন্ত্রাংশ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানাবিল মাঠের একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে শাহিন মিয়া বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। তিনি ট্রান্সফরমারটি খুলেও ফেলেন। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পড়ে যান। শনিবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :