

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি বসতবাড়ির গোয়ালঘর থেকে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার ভাড়াউড়া ৫ নম্বর বস্তি কোয়ার্টার এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিনের বাসার গোয়ালঘরে সাপটিকে দেখতে পান পরিবারের সদস্যরা।স্থানীয় সূত্রে জানা গেছে, অজগরটি গোয়ালঘরে থাকা একটি চার দিন বয়সি মুরগিকে গিলে ফেলে। অজগরটির উপস্থিতি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গৃহকর্তা গিয়াস উদ্দিন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উদ্ধারকৃত অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বন বিভাগ সাপটিকে বনে অবমুক্ত করবে।
আপনার মতামত লিখুন :