মাসদাইরে র‍্যাবের ওপর হামলাকারী রাফি গ্রেপ্তার


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ৭:২৫ অপরাহ্ন / ১০০০
মাসদাইরে র‍্যাবের ওপর হামলাকারী রাফি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় জড়িত অন্যতম আসামি আব্দুর রহিম ওরফে রাফিকে (২৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

 

রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ২টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ সদর কোম্পানির একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

 

র‍্যাব জানায়, গত ৫ মে সকাল সাড়ে ১১টার দিকে ফতুল্লার বোয়ালিয়া খালপাড় পানির ট্যাংকি এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে যায় র‍্যাব-১১-এর একটি ফোর্স সাপোর্ট (এফএস) টিম। সেখানে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী র‍্যাব সদস্যদের পরিচয় জানতে চায়। র‍্যাব সদস্যরা পরিচয়পত্র দেখিয়ে নিজেদের পরিচয় দেওয়ার পর অভিযুক্তরা সহযোগীদের ডেকে আনে।

 

পরে অভিযুক্তরা পিস্তল, ছুরি, চাকু, দা, চাইনিজ কুড়াল ও রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায় বলে জানায় র‍্যাব। এতে তিনজন র‍্যাব সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে ফতুল্লা থানায় মামলা করা হয়।

 

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধান ও তদন্তে আঃ রহিম ওরফে রাফির সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

গ্রেপ্তার রাফিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।