

ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১।
শনিবার (১৫ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি কোম্পানির একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। পরে নির্মাণাধীন ভবনটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :