একসঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না তিন শিশুর


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন / ১০০০
একসঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না তিন শিশুর

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

 

নিহত শিশুরা হলো—জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০) এবং একই গ্রামের নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হুসাইন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ফাহিমা, লামিয়া ও সুলতানা। সাঁতার কাটার একপর্যায়ে বাগানবেষ্টিত গভীর ওই পুকুরে একে একে তিনজনই তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

 

ইউপি সদস্য সরোয়ার হুসাইন জানান, পুকুরটি নিহত শিশু ফাহিমাদের বাড়ির। এটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সাধারণত সেখানে কেউ গোসল করতে যেত না।

 

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।