

সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি সচল পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন এনায়েতনগরের মিজি মেনশন এলাকার একটি ইটের প্রাচীরবেষ্টিত তেঁতুল গাছের শিকড়ের ভেতর থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন, এএসআই (নিরস্ত্র) এস এম ইলিয়াস হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
এ সময় ১টি সচল পিস্তল, ১টি ম্যাগাজিন ও একটি কালো রঙের রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মো. নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায়। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের এনায়েতনগরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :