
সিদ্ধিরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ আটক ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১। শনিবার রাত একটার দিকে চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের ‘১০ তলা’ এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
র্যাব-১১ জানিয়েছে, আটক সোহেল রানা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জঙ্গলপুর এলাকার শাহাজাহানের ছেলে। তিনি এশিয়া পরিবহনের একটি বাসে যাত্রীবেশে ছিলেন।
র্যাবের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি দল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালায়। এ সময় সোহেল রানার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে র্যাব।
সংস্থাটির দাবি, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।
আপনার মতামত লিখুন :