
নারায়ণগঞ্জের ফতুল্লায় গুম, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে দুই সহোদর সৌরভ ও হৃদয়কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।
পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লার লালাখা ও সেহাচর এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল ফয়সাল, হৃদয় ও সৌরভ নামে তিন ভাই। তাদের কর্মকাণ্ডে পুরো এলাকা দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে ছিল।
গ্রেপ্তার হওয়া সৌরভের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে, যেখানে তার এক সহযোগী ইতোমধ্যে কারাগারে রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপর ভাই হৃদয়ের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হিসেবে পরিচিত ফয়সালের বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ একাধিক গুরুতর মামলা রয়েছে। তবে অভিযান চালিয়ে সৌরভ ও হৃদয়কে গ্রেপ্তার করা গেলেও ফয়সাল এখনও পলাতক রয়েছে।
এলাকাবাসী দ্রুত পলাতক ফয়সালকে গ্রেপ্তার এবং গ্রেপ্তার হওয়া দুই ভাইয়ের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাগ্রহণ এর দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :