

জামালপুরে মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার (৮ নভেম্বর) সকালে বি এম রাজনের ফেসবুক আইডি থেকে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সকালে শহরের বকুলতলায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে শহরের তমালতলায় গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে আওয়ামী নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দিতে রং ছড়িয়ে এগিয়ে যেতে দেখা যায়।
এ সময় তারা ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জামালপুরের মাটি, শেখ হাসিনার ঘাঁটি’, ‘শেখ হাসিনার ভয় নেই, আমরা আছি লক্ষ ভাই’ এবং ‘ডাক দিয়েছে ছানু ভাই, ঘরে থাকার সময় নেই’ সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে তারা তমালতলা মোড় থেকে সরে যান।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বলেন, ১৫-২০ জনের একটি খণ্ড মিছিল শহরের বকুলতলা থেকে তমালতলা পর্যন্ত হয়েছে। তাদের অধিকাংশেরই মুখে মুখোশ ছিল। তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :