

নারায়ণগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির জেলা শাখার ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইসমাইল হোসেন।
সম্মেলনে বক্তারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক কল্যাণ, অধিকার সংরক্ষণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দীর্ঘ কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে দেশের উন্নয়ন এবং সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম আবুল কালাম অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মেধা, অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির সমিতির সদস্যদের কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সম্মেলনে সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার বিপুলসংখ্যক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :