

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন (৬৪) নামে কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে তার মৃত্যু হয়। তিনি শংকরচন্দ্র গ্রামের স্কুলপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শাখাওয়াত হোসেন জানান, উচ্চ রক্তচাপ ও ইস্কেমিক হার্ট ডিজিজে আক্রান্ত আনোয়ার হোসেন গত ১৭ অক্টোবর থেকে কারা হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাত ১১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।
তার মৃত্যু সনদে মৃত্যুর কারণ হিসেবে অ্যাকিউট করোনারি সিনড্রোম (এসিএস), ডায়াবেটিস মেলিটাস (ডিএম), ব্রঙ্কিয়াল অ্যাজমা (বি. অ্যাজমা) ও উচ্চ রক্তচাপের (এইচটিএন) উল্লেখ রয়েছে।
জেলার শাখাওয়াত হোসেন বলেন, একটি মামলায় আনোয়ার হোসেনের দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা হয়েছিল। জরিমানা অনাদায়ে আরও ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল। গত ৩০ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে
আপনার মতামত লিখুন :