সিদ্ধিরগঞ্জে কৃষক দল নেতাকে কুপিয়ে জখম, ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে কৃষক দল নেতাকে কুপিয়ে জখম, ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহাম্মেদকে (৩৩) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, মারধর, মোটরসাইকেল ভাঙচুর ও নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন তিনি।

 

গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনির বউ বাজার এলাকায় নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাব্বির আহাম্মেদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, সাব্বির আহাম্মেদ আটি ওয়াবদা কলোনি এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে। ঘটনার রাতে নিজ বাসার সামনে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার গতিরোধ করে।

 

অভিযোগে অভিযুক্তরা হলেন আটি ওয়াবদা কলোনি এলাকার মো. সাহেব আলী (৪০), মিরাজ (২০), রবিউল (৩৩), নুরু (২২), রিমন (১৯) ও হরিজ (২৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

 

অভিযোগে বলা হয়, সাহেব আলী, মিরাজ, রবিউল ও নুরু ধারালো চাপাতি, সুইচ গিয়ার ও ছেনা দিয়ে সাব্বিরের বাম পা, পিঠ ও ডান হাতে একাধিক কোপ মারেন। এতে তিনি গুরুতর আহত হন। অন্য আসামিরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

 

হামলার সময় সাব্বিরের প্যান্টের পকেটে থাকা নগদ ৮০ হাজার টাকা সাহেব আলী নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সময় তার ব্যবহৃত হিরো এক্সট্রিম মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি করা হয় বলেও অভিযোগ করা হয়।

 

সাব্বিরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।

 

অভিযোগকারী জানান, চিকিৎসা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।

 

সাব্বির আহাম্মেদ দাবি করেন, অভিযুক্তরা এলাকায় মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত। তিনি ও এলাকার যুবসমাজ তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, অভিযোগের প্রধান আসামি সাহেব আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।