বন্দরে অটোরিকশার চাপায় ৫ বছরের শিশু নিহত


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন / ১০০০
বন্দরে অটোরিকশার চাপায় ৫ বছরের শিশু নিহত

বন্দরে অটোরিকশার চাপায় ৫ বছরের শিশু নিহত

নারায়ণগঞ্জের বন্দরে মায়ের হাত ধরে দোকানে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় জান্নাত নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে।

 

রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত জান্নাত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার তিলকপুর এলাকার সোবাহানের মেয়ে। তার মায়ের নাম কুলসম।

 

বর্তমানে পরিবারের সঙ্গে বন্দরের শান্তিনগর বালুর মাঠ সংলগ্ন এলাকায় অপু নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকত তারা।

 

স্বজনরা জানান, সকালে জান্নাত তার মায়ের সঙ্গে দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। এ সময় মায়ের হাতের আঙুল ধরে হাঁটছিল শিশুটি। পথে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পেছনের দিকে যাওয়ার সময় হঠাৎ তাকে চাপা দেয়।

 

এতে গুরুতর আহত হয় জান্নাত। পরে তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ থেকে আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি জানিয়ে সংশ্লিষ্ট বন্দর থানায় বার্তা পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় অটোরিকশাটি বা চালককে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপোসের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।