ইউক্রেনের শপিং সেন্টারে রুশ হামলায় নিহত ১৬, আহত শতাধিক


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৬, ১২:১০ অপরাহ্ন / ১০০০
ইউক্রেনের শপিং সেন্টারে রুশ হামলায় নিহত ১৬, আহত শতাধিক

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহতে একটি শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৩০ জনের বেশি। নিহত ও আহতদের মধ্যে শিশুও রয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দিনে ওই হামলা চালানো হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। শহরটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর।

 

দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর হানঝা জানান, আহতদের মধ্যে ২২ শিশু রয়েছে। গুরুতর আহত ২৯ জনের মধ্যে পাঁচজন শিশু। শনিবার সকালে তিনি আরও জানান, দুই শিশুসহ অন্তত নয়জনকে প্রাথমিকভাবে নিখোঁজ হিসেবে ধরা হচ্ছে। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

 

জেলেনস্কি এই হামলাকে ‘নির্লজ্জ ও ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন। তার দাবি, প্রথম ড্রোন হামলার প্রায় ৩০ মিনিট পর দ্বিতীয় একটি রুশ ড্রোন শপিং সেন্টারটিতে আঘাত হানে। এতে জরুরি উদ্ধারকর্মীদের লক্ষ্যবস্তু করার উদ্দেশ্য ছিল বলে অভিযোগ করেন তিনি।

জেলেনস্কি বলেন, এ ধরনের হামলা ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের চেয়ে কম কিছু নয়’। হামলার জন্য রাশিয়াকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইউক্রেন এর জবাব দেবে বলেও জানান।

 

এদিকে শুক্রবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলেও পৃথক রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সেখানে তিন শিশুসহ চারজন নিহত এবং এক নারী আহত হয়েছেন বলে ইউক্রেনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

 

ইউক্রেনে রাশিয়ার আকাশপথে হামলা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। এর আগের দিন বৃহস্পতিবার রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন নিহত হন।

 

অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা জোরদার করেছে। রাশিয়ার যুদ্ধ চালানোর সক্ষমতা দুর্বল করতে দেশটির তেল স্থাপনা ও সরবরাহ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে কিয়েভ