এবার এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতির আলমগীরের বিরুদ্ধে বিএনপি নেতা হাজী সুমনের ক্ষোভ 


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৬, ১:০৯ অপরাহ্ন / ১০০০
এবার এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতির আলমগীরের বিরুদ্ধে বিএনপি নেতা হাজী সুমনের ক্ষোভ 

এবার এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতির আলমগীরের বিরুদ্ধে বিএনপি নেতা হাজী সুমনের ক্ষোভ

 

 

ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীরকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ্যে আসছে। এর আগে ফতুল্লা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াদ দেওয়ান এবং এনায়েতনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি তারেক হাসান শুভও অ্যাডভোকেট আলমগীরকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

 

এবার এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুমন মাহমুদ এক লিখিত প্রতিবাদে তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং ব্যক্তি কেন্দ্রিক ব্যবসা পরিচালনার অভিযোগ তুলেছেন।

 

প্রতিবাদে হাজী সুমন মাহমুদ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলের জন্য মামলা, হামলা ও পুলিশি নির্যাতনের শিকার হওয়া ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা বর্তমানে কোণঠাসা হয়ে পড়েছেন। অন্যদিকে, সুবিধাবাদীরা বিভিন্নভাবে লাভবান হচ্ছেন।

 

তিনি আরও অভিযোগ করেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর ও এক যুবদল নেতার ছত্রছায়ায় স্বজনপ্রীতি ও ব্যক্তি কেন্দ্রিক আধিপত্য চলছে। পাশাপাশি ফতুল্লার বিসিক শিল্পনগরীর জুট ব্যবসা এককভাবে কুক্ষিগত করে রাখার অভিযোগও করেন তিনি।

 

হাজী সুমন মাহমুদ বলেন, তারা দীর্ঘদিন ধরে জাকির খানপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত থেকে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু দলের দুঃসময়ের এসব পরীক্ষিত নেতাকর্মীকে বাদ দিয়ে একটি চক্র নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত রয়েছে।

 

প্রতিবাদে অবিলম্বে অনিয়ম ও বৈষম্যের অবসান ঘটিয়ে তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানানো হয়।

 

এদিকে, একই ইস্যুতে এর আগে ফতুল্লা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াদ দেওয়ান ও এনায়েতনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি তারেক হাসান শুভর বক্তব্য সামনে আসায় স্থানীয় বিএনপির রাজনীতিতে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।