দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেন ইউএনও


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন / ১০০০
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেন ইউএনও

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেন ইউএনও

 

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে তার হাতে একটি ল্যাপটপ তুলে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়জ উদ্দিন আহমেদ।

 

মঙ্গলবার (১১ আগস্ট) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কামাল হোসেন পিয়াসের হাতে ল্যাপটপটি প্রদান করা হয়।

 

কামাল হোসেন পিয়াস নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলি, উত্তর পাড়া, আদজীনগর এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। উচ্চশিক্ষিত হলেও দৃষ্টি প্রতিবন্ধকতা ও আর্থিক অসচ্ছলতার কারণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পড়াশোনা, চাকরির প্রস্তুতি এবং অনলাইনভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনায় তিনি নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।

 

সম্প্রতি তিনি শিক্ষা ও কর্মসংস্থানের প্রস্তুতির জন্য একটি ল্যাপটপের প্রয়োজন উল্লেখ করে সদর উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন। আবেদনে তিনি জানান, স্ক্রিন রিডারসহ বিভিন্ন সহায়ক সফটওয়্যারের মাধ্যমে ল্যাপটপ ব্যবহার করে তিনি তার শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করতে চান। তবে আর্থিক অসচ্ছলতার কারণে নিজের অর্থায়নে ল্যাপটপ কেনা তার পক্ষে সম্ভব নয়।

 

তার আবেদনের পরিপ্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়জ উদ্দিন আহমেদের পক্ষ থেকে তাকে একটি ল্যাপটপ প্রদান করা হয়।

 

ল্যাপটপ পেয়ে কামাল হোসেন পিয়াস বলেন, আধুনিক প্রযুক্তি তার মতো দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ল্যাপটপটি তার পড়াশোনা, চাকরির প্রস্তুতি এবং অনলাইনভিত্তিক কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।