

পিয়ারসন এডেক্সেল ‘ও’ লেভেল পরীক্ষায় ১১টি বিষয়ে অংশ নিয়ে সবকটিতে সর্বোচ্চ গ্রেড এ স্টার অর্জন করে দেশসেরা শিক্ষার্থীদের কাতারে স্থান করে নিয়েছেন নারায়ণগঞ্জের চেইঞ্জেস স্কুলের শিক্ষার্থী সাফিয়া চৌধুরী নওশিন। এই অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি ডেইলি স্টার ও প্রাইম ব্যাংক আয়োজিত ২৫তম ডেইলি স্টার ও অ্যান্ড এ লেভেল হাই অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ সম্মাননা লাভ করেছেন।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিসিইসি) আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার, মেডেল ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আয়োজক সূত্রে জানা যায়, এ বছর দেশের ১২১টি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৫৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ১ হাজার ৯২৮ জন ‘ও’ লেভেল এবং ৬১৭ জন ‘এ’ লেভেল শিক্ষার্থী ছিলেন। সারা দেশের দেশসেরা ৪২ জন ‘ও’ লেভেল শিক্ষার্থীর একজন হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেন সাফিয়া চৌধুরী নওশিন।
নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার মার্ক টাওয়ার এলাকার বাসিন্দা মো. হারুন অর রশিদ চৌধুরী স্বপন ও সুরমা চৌধুরীর কন্যা নওশিনের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, নারায়ণগঞ্জের শিক্ষা অঙ্গনের জন্যও একটি গৌরবময় অর্জন।
অনুষ্ঠানে দেশসেরা তিন শিক্ষার্থীর একজন হিসেবে বক্তব্য দেওয়ার সুযোগ পান নওশিন। তিনি বলেন, “আমার এই অর্জনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমার পরিবার, শিক্ষক এবং স্কুলের। তাঁদের অব্যাহত সহযোগিতা ও অনুপ্রেরণাই আমাকে এই সাফল্যের পথে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। আজ এই হলরুমে অসংখ্য মেধাবী শিক্ষার্থী ও সীমাহীন সম্ভাবনার সমাবেশ ঘটেছে। আসুন, আমরা আমাদের মেধা, জ্ঞান ও প্রতিভাকে কাজে লাগিয়ে দেশ ও বিশ্বের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনি। আমরাই আগামী দিনের জাতি গড়ার কারিগর।”
চেইঞ্জেস স্কুলও এ বছর উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ১৬ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে ডেইলি স্টার হাই অ্যাচিভার অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়া শিক্ষার্থীদের সাফল্যে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৪৯ জন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে সম্মাননা জানানো হয়।
চেইঞ্জেস স্কুলের অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের এই অর্জন আন্তর্জাতিক মানের শিক্ষা, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফল। সাফিয়া চৌধুরী নওশিনের এই সাফল্য বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :