

দেওভোগ মাদ্রাসায় কোনো দলীয় প্রভাব চলবে না: আব্দুল আউয়াল
নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে অবস্থিত রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল জুমার খুতবায় দেওভোগ মাদ্রাসার চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার (১০ জুলাই) জুমার আলোচনায় তিনি মাদ্রাসা পরিচালনায় দলীয় প্রভাব পরিহার করে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, “আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামায়াত বুঝি না, শিবির বুঝি না, খেলাফত বুঝি না- কোনো রাজনৈতিক প্রভাব মাদ্রাসায় থাকা উচিত নয়। দেওভোগ মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত মুশাওয়ারার ভিত্তিতে হওয়া প্রয়োজন।”
মাওলানা আব্দুল আউয়াল বলেন, দেওভোগ মাদ্রাসা নারায়ণগঞ্জের ঐতিহ্যের অংশ। তাই এ প্রতিষ্ঠানের বিষয়ে কথা বলার অধিকার নারায়ণগঞ্জবাসীর রয়েছে। তিনি সংশ্লিষ্ট কমিটির প্রতি আহ্বান জানিয়ে বলেন, একতরফা সিদ্ধান্ত না নিয়ে শহরের অভিজ্ঞ, জ্ঞানী ও দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
তিনি আরও বলেন, দলীয় প্রভাবের কারণে অনেক সময় মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়। তাই কোনো অবস্থাতেই দলীয় বিবেচনায় মাদ্রাসা পরিচালনা করা উচিত নয়। তিনি উল্লেখ করেন, কাশীপুর মাদ্রাসা ও দেওভোগ মাদ্রাসা- নারায়ণগঞ্জের দুটি গুরুত্বপূর্ণ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, যা তাঁকে ব্যথিত করে।
আলোচনায় তিনি দেওভোগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা রেজাউল করিমের অবদানের কথাও স্মরণ করেন। তিনি বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন, কিন্তু শান্তিপূর্ণভাবে বিদায় নিতে পারেননি।
মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি প্রসঙ্গে আল্লামা আব্দুল আউয়াল বলেন, পরিচালনা কমিটির সদস্যদের দায়িত্ব ও জ্ঞান সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। তিনি বলেন, আলেমদের সঙ্গে কাজ করতে হলে তাঁদের কথা বোঝার এবং প্রতিষ্ঠানের প্রয়োজন অনুধাবনের সক্ষমতা থাকতে হবে।
তিনি বলেন, সমাজের যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের পরামর্শ অনুসরণ করলে সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব।
আপনার মতামত লিখুন :