বন্দরে যুবক অপহরণের চেষ্টা: গণপিটুনি দিয়ে অপহরণকারীকে পুলিশে সোপর্দ


Saimoon Islam প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন / ১০০০
বন্দরে যুবক অপহরণের চেষ্টা: গণপিটুনি দিয়ে অপহরণকারীকে পুলিশে সোপর্দ

বন্দরে যুবক অপহরণের চেষ্টা: গণপিটুনি দিয়ে অপহরণকারীকে পুলিশে সোপর্দ

 

 

নারায়ণগঞ্জের বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে ভোলা থেকে ডেকে এনে শাকিল (২৫) নামে এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের পর তাকে মারধর করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করলে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে সাহাদাত (২৮) নামে এক অপহরণকারী। পরে তাকে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

এ সময় অপহরণকারী চক্রের আরও দুই সদস্য রাব্বি ও আক্তার জনতার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

 

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার ইমান শরীফের আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী শাকিল ভোলা জেলার দৌলতখান উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর এলাকার সোলেমান মিয়ার ছেলে। পলাতক রাব্বি ঘারমোড়া এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে এবং আক্তার মদনগঞ্জ লক্ষারচর পায়রাচত্বর এলাকার মৃত চারু মিয়ার ছেলে বলে জানা গেছে।

 

এ ঘটনায় শাকিল বাদী হয়ে আটক সাহাদাত এবং পলাতক রাব্বি ও আক্তারকে আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

মামলার অভিযোগ ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, সাহাদাতের সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে গত ১৪ জুন জাহাজে ওয়েল্ডিং কাজ দেওয়ার আশ্বাস দিয়ে তাকে বন্দরে আসতে বলা হয়। চাকরির আশায় বুধবার সকালে নির্ধারিত স্থানে গেলে সাহাদাত, রাব্বি ও আক্তার তাকে জিম্মি করে অপহরণ করে। পরে তাকে মারধর করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হয়।

 

এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। জনতার উপস্থিতি দেখে রাব্বি ও আক্তার পালিয়ে গেলেও সাহাদাতকে আটক করা হয়। পরে অপহরণকারীদের কবল থেকে শাকিলকে উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।

 

বন্দর থানা পুলিশ আটক সাহাদাতকে হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।