মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ, নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের বৈঠক 


Saimoon Islam প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৩:৪০ অপরাহ্ন / ১০০০
মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ, নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের বৈঠক 

মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ, নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের বৈঠক

 

 

নারায়ণগঞ্জকে আধুনিক ও পরিবেশবান্ধব মেগাসিটি হিসেবে গড়ে তুলতে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানি (সিএইচসিসি)। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে মতবিনিময় সভা করেছে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল।

 

বুধবার (১৭ জুন) দুপুরে নাসিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় চায়না হারবারের ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা ও উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান নেতৃত্ব দেন। সভায় নগরের বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিশুদ্ধ পানি সরবরাহ ও গণপরিবহন খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়।

 

নাসিক সূত্র জানায়, আলোচনায় ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন’ প্রকল্প, এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং সেন্টার নির্মাণ, এলআরটি বা মনোরেলভিত্তিক গণপরিবহন ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতকরণ এবং নগরের যোগাযোগব্যবস্থা উন্নয়নে আধুনিক সেতু নির্মাণের বিষয় গুরুত্ব পায়।

 

সভায় প্রশাসক সাখাওয়াত হোসেন খান নগরবাসীর জীবনমান উন্নয়ন, নিরাপদ যাতায়াত, আধুনিক চিকিৎসাসেবা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তাঁর পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

 

চায়না হারবারের এমডি ওয়াং ডা ও ডিএমডি মাহমুদ খান এসব উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করে বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তার পাশাপাশি সম্ভাব্য বিনিয়োগ ও অর্থায়নের ক্ষেত্রেও তাদের প্রতিষ্ঠান সহযোগিতা করতে আগ্রহী।

 

সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এমআরকে এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ রফিকুল ইসলাম রাতুল, নাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চীনা প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

নাসিকের কর্মকর্তারা আশা করছেন, এ ধরনের সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।